নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে এক শিশু ধর্ষণ মামলায় দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। একই মামলার অপর আসামি ফিরোজ আহম্মেদ শাওনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আলাদা চার্জশিট দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ গাজী আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্ত আসামিরা হলো, মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামের ফজর গাজীর ছেলে বর্তমানে ঝাঁপা গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন ও ঝিকরগাছা উপজেলার খোসালনগর গ্রামের কার্তিক চন্দ্র বিশ^াসের ছেলে প্রান্ত চন্দ্র বিশ্বাস।
একই মামলায় পর্ণগ্রাফি আইনে অভিযুক্ত শাওন মণিরামপুরের কোমরপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। আসামি আশরাফুল হোসেন বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। এরপর অপর আসামি প্রাপ্ত বিশ^াসের মাধ্যমে আশরাফুল তাকে নানা ধরণের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করাতো। ২০২৪ সালের ২৫ জুন আসামিরা ওই শিশুকে ঝাঁপা বাজারে দেখা করতে বলে। শিশুটি তাদের সাথে দেখা করতে গেলে বাজারের মধ্যের একটি টিনের ঘরে নিয়ে সিগারেট খাওয়ায়। পরে রাত ৯টার দিকে শিশুকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে আসামিরা। পরে ওই ভিডিও আসামি শাওন পেয়ে শিশুর পরিবারের কাছে চাঁদা দাবি করে। পরদিন এই ঘটনায় ওই কিশোরীর দাদী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে আলাদা চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আসামিরা আটক আছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
