নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মনোতোষ বসু সভাপতি ও এইচআর তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে ভোট গ্রহণ করা হয়। দুপুর আড়াইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।
প্রকাশিত ফলাফল মতে, সভাপতি পদে মনোতোষ বসু ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচআর তুহিন। তিনি পেয়েছেন ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর ইমাম বাবুল পেয়েছেন ২৫ ভোট। সহসভাপতি পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রদীপ ঘোষ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইমরান হাসান টুটুল পেয়েছেন ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ কবীর পেয়েছেন ১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী সফিক সাইদ পেয়েছেন ৪৪ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী ডিএইচ দিলশান পেয়েছেন ১৬ ভোট। সদস্যের দুই পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে জয়ন্ত বসু ও ২৫ ভোট পেয়ে রেজাউল করিম রুবেল জয়ী হয়েছেন। এ পরাজিত প্রার্থী মিরাজুল কবীর টিটো পেয়েছেন ১৭ ভোট।
উল্লেখ্য, ৬৫ ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ভোট বাতিল করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য অ্যাডভোকেট বাসুদের বিশ্বাস ও অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাবের উৎসবের আমেজ সৃষ্টি হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন হলেও সকল সাংবাদিক সংগঠন ও নবীন-প্রবীণসহ সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব যশোরে মিলনমেলায় পরিণত হয়।