নিজস্ব প্রতিবেদক
মাছ চুরি করতে বাধা দেয়ায় বেনাপোলে মিলন হোসেন (৩৭) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের বারোপোতায়। তিনি ওই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিলন জানান, তিনি বারোপোতা গ্রামে মশিয়ার নামে এক ব্যক্তির মাছের ঘেরে নৈশ প্রহরীর চাকরি করেন। প্রায়দিন ওই ঘের থেকে একই গ্রামের আশরাফ, ইছা বাবুসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন মাছ চুরি করে। বুধবার রাতে মাছ চুরির সময় তিনি তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তারা তাকে মারপিট করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি তিনি ঘের মালিক ও স্থানীয়দের জানলে তারা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশংকাজনক।
