নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বারান্দীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীর হাতে জখম হয়েছেন অভিযোগ করে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী। সোমবার পূর্ব বারান্দীপাড়ার হাফিজুর রহমানের সহধর্মিনী ফারজানা আক্তার এ মামলা করে। মামলার আসামিরা হলেন, সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে জাবেদ রেজা, তার স্ত্রী সুলতানা বেগম, ঝুমঝুমপুর এলাকার মৃত মোকাম্মেল হোসেনের ছেলে সুদ্ধ মিয়া ও বাউলিয়া গ্রামের কবির হোসেনের ছেলে মিলন হোসেন।
মামলার সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে বাদীর সাথে মনোমালিন্য চলছিল। এ কারণে বাদী শহরে ভাড়াবাড়িতে বসবাস করে আসছেন। এর মধ্যে ১৮ এপ্রিল সকালে সমিতির ঋণ পরিশোধের জন্যে জাবেদ রেজার বাড়ির পথে গেলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে আসামিরা এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ের বাদীর বোন ও ভগ্নি ঠেকাতে গেলে তাদের কিল-ঘুষি ও জাবেদ রেজা বাঁশের লাঠি দিয়ে বাদীর মাথায় আঘাত করে। এছাড়া এক ভরি ওজনের সোনার চেইন, দশ আনা ওজনের স্বর্ণের কানের দুল ও নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া মিলন হোসেন বাদীর কাছে থাকা ফোন কেড়ে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।