নড়াইল প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের ফুলের মালার স্থান করে দিতে এমপির প্রটোকল থেকে ফুলের মালা সরিয়ে নিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, নন্দিত জননেতা ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।
শুক্রবার (১৭ মার্চ) নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আয়োজনে শ্রদ্ধা জানানোর সময় মাশরাফী নিজের মালা সরিয়ে নিয়ে দলের প্রতি শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত গড়লেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে স্থাপিত জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পূর্ব মুহূর্তে প্রতিকৃতির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রটোকল অনুযায়ী সারির মাঝে এমপি এবং এমপির মালার ডানে বামে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এরপরে আওয়ামী লীগসহ পর্যায়ক্রমে অন্যদের মালা নিয়ে বিভিন্ন বিভাগ ও দফতর প্রধানরা অবস্থান করছিলেন। এ সময় মাশরাফী সারির মাঝ থেকে নিজের মালা সরিয়ে নিয়ে একপাশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়ান, অতীতে কোনো সংসদ সদস্যকে এমনটা করতে দেখেনি কেউ।
এরআগে মাশরাফী জেলা প্রশাসনের আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই জন্মদিনের কেক কাটায় অংশ নেন। পরে একে অন্যের মুখে কেক তুলে দিয়ে জাতির পিতার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন।
