বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কিশোরীকে বেড়ানোর কথা বলে পাশের গ্রাম রাজাপুর নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। মামলার কয়েক ঘণ্টার মধ্যে রবিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের হানেফ আলীর ছেলে মো. আসাদ (২০) এবং একই এলাকার হাসানুর রহমানের ছেলে আশানুর রহমান আশা (২৪)।
তার স্বজনরা জানান, গত দুইদিন আগে (১ মার্চ) সকালে ভুক্তভোগী কিশোরীকে বেনাপোল পোর্টথানার শিকড়ি গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য বোনের বাড়ি খড়িডাংগা বেড়াতে যায়। ওইদিন মাহফিল চলাকালীন রাত সাড়ে ৮টার সময় সে চুড়ি এবং মালা কেনার জন্য দোকানে যায়। এ সময় দূর সম্পর্কের আত্মীয় আসাদ ও তার বন্ধু আশানুরের সাথে তার দেখা হয়। এসময় মাহফিল চত্বরে তারা ফুসকা খাওয়া এবং ঘোরাঘুরি করে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আসাদ ফুসলিয়ে কিশোরীকে বেড়াতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে করে তার বন্ধু আশানুর রহমানের বাড়িতে নিয়ে আসে। এসময় বাড়িতে কোন লোকজন না থাকায় ভয় পেয়ে মুন্নী চলে আসতে চাইলে আসাদ জোর করে শয়ন কক্ষে নিয়ে যায়। এ সময় আশানুর বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সুযোগে আসাদ তাকে ধর্ষণ করে।
পরবর্তীতে রাত ৩টার সময় আসাদের বন্ধু আশানুর মোটরসাইকেলে করে ভুক্তভোগীকে তার বোনের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। বোনের কাতর অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকেও মেডিকেল রিপোর্টের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সঠিক কারণ।
