ফ্রেঞ্চ ম্যাগাজিনের বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিততে না পারলেও গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভান্ডোভস্কি, জেনি হার্মোসো এবং আলেক্সিয়া পুটেলাসকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি।
মঙ্গলবার এমবাপ্পের হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি তুলে দেওয়া হয়। গ্লোব সকার অ্যাওয়ার্ডসের এই আয়োজনে পুরোপুরি সম্পৃক্ত ছিল স্প্যানিশ খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম মার্কা। বিশ্বব্যাপী ৫ মিলিয়ন (৫০ লাখ) ভক্তের সরাসরি ভোটের মাধ্যমে সেরা নির্বাচন করা হয়।
টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতার পর এমবাপ্পে বলেন, ‘দুবাইতে আসতে পারাটা অনেক বড় ব্যাপার, এখানে থাকা সব বড় খেলোয়াড়দের দেখতে পারাও। বড় কিংবদন্তি, ফুটবলের সব বড় নাম আছেন এখানে। এটা খুব বড় অর্জন। আমি আমার ক্লাব পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রাখায়। জাতীয় দলের সবাইকেও ধন্যবাদ আমাকে সাহায্য করায়।’
মোট ১২টি ক্যাটাগরিতে ক্লাব, আন্তর্জাতিক দল এবং ফুটবলারদের পুরুষ্কার দেওয়া হয় গ্লোব সকারের পক্ষ থেকে। সেরা দলের পুরুষ্কার পেয়েছে ইতালি, বর্ষসেরা ক্লাব চেলসি, ম্যারাডোনা অ্যাওয়ার্ড পেয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি এবং ইনোভেশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ইতালির ক্লাব ফুটবল প্রতিযোগিতা সিরি-আ।