মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলা নদীর পাশে মেরিন ড্রাইভ সড়কের দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। প্রতিটি গাছেই শোভা পাচ্ছে সবুজ পাতার ফাঁকে রক্তিম লাল ফুল। এতে সড়কটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রতিদিনই এখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। মুগ্ধ হচ্ছেন তারা। স্মৃতি জড়িয়ে রাখতে অনেকে তুলছেন ছবিও।
মেরিন ড্রাইভ সড়কে গিয়ে দেখা যায়, রোদের আলো পড়লেই জ্বল জ্বল করে উঠছে ফুলগুলো। যা দেখে অনেকই যানবাহন থামিয়ে উপভোগ করছে প্রকৃতির এ সৌন্দর্য।
নৌবাহিনীর মিরাজ আহমেদ বলেন, মোংলা অনেক সুন্দর জায়গা। এখানে এসে অনেক ভালো লাগছে। মনে হয় ছায়া সুনিবিড় নির্মল পরিবেশে আছি। মেরিন ড্রাইভের দুপাশে সারিবদ্ধ কৃষ্ণচূড়া গাছে ফুটেছে ফুল।
দর্শনার্থী সিয়াম, সাদিকা লীনাসহ কয়েকজন জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে মেরিন ড্রাইভ সড়কে কৃষ্ণচূড়ার ফুল দেখতে এসেছেন। এসে ফুল দেখে খুব ভালো লাগছে। ফুল এখানকার পরিবেশ সুন্দর করে তুলেছে।
সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, বাংলা সাহিত্যের পরতে পরতে কৃষ্ণচুড়ার সগর্ব উপস্থিতি ও বাঙালি জীবনে এর প্রভাবই বলে দেয় কৃষ্ণচুড়ার নামে নয় এর রঙ ও রূপের সৌন্দর্যে মুগ্ধ মানুষ।