চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেলের চাপায় আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা-যশোর মহাসড়কের কয়ারপাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলামের বাড়ি উপজেলার কয়ারপাড়া গ্রামে। তিনি অটো রাইস মিলে কাজ করতেন। দুর্ঘটনার পর পুলিশ মোটরসাইকেলটি আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম উপজেলার কয়ারপাড়ার মোড়ে রাইস মিল থেকে কাজ শেষ করে বেকারিতে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে চৌগাছাগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় লোকজন মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার জুলকার ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ কল্যাণকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।