নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘৪র্থ সমাবর্তন-২০২৩’ আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল পৌনে ১০টা থেকে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যে সমাবর্তনের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে এক হাজার ৮৩৪ জন গ্রাজুয়েট অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হয়ে আসবেন দুই হাজার ৬১ জন। বাবা-মাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে অনেক গ্রাজুয়েট ক্যাম্পাসে এসে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে ছবি তুলছেন। এবারের সমাবর্তনে বিভিন্ন শ্রেণিতে ৫৭ জন স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড পাবেন। এরমধ্যে ২২ জন গ্রাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৯ জন ডিন অ্যাওয়ার্ড পাচ্ছেন।
সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সেক্রেটারি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
সমাবর্তনের প্রস্তুতির বিষয়ে উল্লেখ করে ড. আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন প্রকারের দেশি-বিদেশি ফুলে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, সড়কসমূহে আলোকসজ্জা করা হয়েছে। ক্যাম্পাসের প্রধান সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, মাইকেল মুধসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বাহারি ফুলের পসরা সাজানো হয়েছে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
