নিজস্ব প্রতিবেদক: যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীতকরণ ও যশোর মেডিকেল কলেজে ৫শ’ শয্যা হাসপাতাল বাস্তবায়ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ যশোর’। রোববার সকালে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের মাধ্যমে এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, এডাব যশোরের সহ সভাপতি শাহজাহান নান্নু, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মিলন রহমান, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যশোর মেডিকেল কলেজ ২০১১ সালে স্থাপন করা হয়। প্রাথমিক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কলেজটির সকল কার্যক্রম পরিচালনা করা হতো।
পরবর্তীতে শহরের শংকরপুর এলাকায় নিজস্ব ক্যাম্পোসে কলেজ স্থানান্তর করা হয়। বর্তমানে কলেজে প্রায় চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন। কিন্তু ১১ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়নি। মেডিকেল কলেজে হাসপাতাল না থাকায় শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েন এবং প্রাকটিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হন। সাধারণ মানুষও বঞ্চিত হন মেডিকেল কলেজের মতো পূর্ণাঙ্গ হাসপাতালের চিকিৎসাসেবা থেকে।
এজন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হলে বৃহত্তর যশোর অঞ্চলের মানুষ চিকিৎসা সেবার সুযোগ পাবে। এছাড়া যশোর বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করার দাবি দীর্ঘদিনের।
এটি হলে দশ জেলার মানুষের যাতায়াত, হজে¦ গমন, ফুল ও সবজি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এসব বিষয় বিবেচনায় রেখে বৃহত্তর যশোরের উন্নয়নে যশোর মেডিকেল কলেজে ৫শ’ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠা ও যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেয়ার দাবি জানানো হয়।