নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে যশোরের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যশোরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার সকালে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা এখন একটি জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অগ্রাধিকার ভিত্তিতে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
তিনি আরও জানান, যশোরের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে ভৈরব নদ সংস্কার, নওয়াপাড়া বন্দর আধুনিকায়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে যশোরের হারানো অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব পুনরুদ্ধার করা যায়।
জনসভায় তিনি বলেন, যশোরবাসীর ন্যায্য অধিকার আদায়ে কোনো আপস করা হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে যশোরের উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের তালিকায় রাখা হবে।
