ঝুঁকি নিয়ে চলাচল, পানি নিষ্কাশন নিয়ে শঙ্কা; ক্ষুব্ধ এলাকাবাসী
রুহুল আমিন
যশোর শহরের খড়কি জেবির মোড়ের একটি কালভার্ট নির্মাণের আড়াই মাসের মধ্যেই ভেঙে পড়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। শুধু কালভার্ট নয়, একই সড়কে চলমান ড্রেন নির্মাণের কাজ নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। কোথাও ড্রেন উঁচু, কোথাও নিচু করে নির্মাণ করা হচ্ছে। আবার কোনো কোনো স্থানে ড্রেনের মুখ ইট দিয়ে বন্ধ করে রাখার অভিযোগ রয়েছে। এতে ভবিষ্যতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
দ্রুত কালভার্টটি সংস্কার এবং পুরো নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে যে উন্নয়নকাজ শুরু হয়েছে, তাতেও যদি নিম্নমানের কাজ ও ত্রুটি থাকে, তাহলে মানুষের দুর্ভোগ কমার পরিবর্তে নতুন ভোগান্তি তৈরি হবে।
সরেজমিনে দেখা গেছে, খড়কি জেবির মোড়ের কালভার্টের একটি অংশ ভেঙে পড়েছে। ফলে এ পথ দিয়ে চলাচলকারী যানবাহনকে সতর্কতার সঙ্গে পার হতে হচ্ছে। বিশেষ করে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করলেও কালভার্টটি ভেঙে পড়ার পরও তাঁদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যশোর সরকারি এম এম কলেজের সামনের শাহ আব্দুল করিম সড়কটি অবহেলিত অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে থাকত। সড়কে তৈরি হয়েছিল অসংখ্য ছোট-বড় গর্ত। যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক সময় পথচারীদেরও চলাচল করা কঠিন হয়ে পড়ত।
এ অবস্থার অবসান ঘটাতে মাস্টারপ্ল্যানের আওতায় সড়কটিতে ড্রেন, কালভার্ট ও আরসিসি ঢালাই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জিলা স্কুলের পাশের মুজিব সড়ক থেকে এ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে খড়কি জেবির মোড় পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কবরস্থান মসজিদ হয়ে ধোপাপাড়ার মধ্য দিয়ে ধর্মতলার প্রধান সড়ক পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তবে কাজের অগ্রগতির মধ্যেই নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে ড্রেনের উচ্চতা সমান রাখা হয়নি। কোথাও উঁচু, কোথাও নিচু করা হয়েছে। আবার ড্রেনের কিছু পকেট ইট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে বৃষ্টির পানি ঠিকমতো প্রবাহিত হতে না পারার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, ড্রেন নির্মাণের মূল উদ্দেশ্য পানি নিষ্কাশন নিশ্চিত করা। কিন্তু নির্মাণকাজে ত্রুটি থাকলে ভবিষ্যতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
তিন মাসও টেকেনি কালভার্ট :
খড়কি জেবির মোড়ের টেইলার্স ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘তৈরি করার তিন মাসের মধ্যেই কালভার্টটি ভেঙে পড়েছে। নির্মাণের সময়ই কাজ দুর্বল করা হয়েছিল বলে মনে হয়েছে। ১২০০ সেফটি বালুবাহী একটি ট্রাক কালভার্টের ওপর দিয়ে যাওয়ার পর এটি ভেঙে যায়। এ ছাড়া মুজিব সড়ক থেকে জেবির মোড় পর্যন্ত যতটুকু রাস্তা ও ড্রেনের কাজ হয়েছে, তার অধিকাংশ জায়গায় ড্রেন সমান হয়নি। কোথাও উঁচু, কোথাও নিচু। ড্রেনের পকেটগুলোও দুর্বল এবং কোনো কোনো জায়গায় ইট দিয়ে আটকে রাখা হয়েছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশন নিয়ে সমস্যা হবে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া প্রয়োজন।’
মেহেদী কম্পিউটারের স্বত্বাধিকারী মেহেদী হাসান বলেন, ‘খড়কি জেবির মোড়ের কালভার্টটি জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। এ কারণে সেটি টেকসই হয়নি। গোজামিল দিয়ে কাজ করলে ভালো ফল পাওয়া যায় না। এ সড়কের আরেকটি সমস্যা হলো, কোথাও ড্রেনের মুখ খোলা নেই, আবার ড্রেনের ঢালও ঠিকমতো করা হয়নি। বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।’
স্থানীয় আরেক ব্যবসায়ী তুহিন হোসেন বলেন, ‘সকালে কালভার্ট তৈরি করে রাতেই চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এ কারণে কাজটি দুর্বল হয়েছে বলে আমাদের মনে হয়। ঠিকমতো খোয়া, রড ও পাথর দেওয়া হয়নি। ফলে কালভার্টটি তিন মাসও টেকেনি। এখন এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
চলাচলে দুর্ভোগে রিকশাচালকেরা :
স্থানীয় রিকশাচালক করিম বক্স বলেন, তিনি খড়কি কবরস্থানের পাশে একটি বস্তিতে ভাড়া থাকেন। জেবির মোড় তাঁর চলাচলের একমাত্র রাস্তা। প্রতিদিন তাঁকে এ সড়ক দিয়ে পাঁচ থেকে সাতবার যাতায়াত করতে হয়। কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রতিবারই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাঁর মতো অন্য রিকশাচালকদেরও একই সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান তিনি।
কালভার্ট নতুন করে নির্মাণের আশ্বাস :
নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে যশোর পৌরসভার উপসহকারী প্রকৌশলী জুবা উর রহমান বলেন, জেবির মোড়ের কালভার্টটি নতুন করে তৈরি করা হবে। ড্রেনের ওপরের অংশ কোথাও উঁচু, কোথাও নিচু থাকলেও নিচের লেভেল ঠিক রয়েছে। ফলে পানি নিষ্কাশনে কোনো অসুবিধা হবে না। ফুটপাত ও আশপাশের বাড়িঘরের কারণে ড্রেনের ওপরের অংশে উচ্চতার পার্থক্য হয়েছে। ড্রেনের মুখ খুলে দিলে সড়কের পানি সহজেই ড্রেনে প্রবেশ করতে পারবে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী সিকদার মোখলেছুর রহমান বলেন, কালভার্টটি ভেঙে পড়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে ড্রেন ঠিক রয়েছে। নির্ধারিত লেভেল মেনেই ড্রেন নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, তিনি খড়কি এলাকার রাস্তা ও কালভার্ট পরিদর্শন করেছেন। সড়কের কাজ শেষ হওয়ার আগেই কালভার্টটি ঠিক করে দেওয়া হবে। ড্রেনের লেভেলও ঠিক রয়েছে বলে জানান তিনি।
মানসম্মত কাজের দাবি এলাকাবাসীর :
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এই সড়কের উন্নয়নকাজ গুরুত্বপূর্ণ। কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যেই কালভার্ট ভেঙে পড়া এবং ড্রেনের কাঠামো নিয়ে অভিযোগ ওঠায় কাজের মান সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। শুধু আশ্বাস নয়, নির্মাণকাজের প্রতিটি ধাপ যথাযথভাবে তদারকি করা প্রয়োজন।
তাঁদের দাবি, ভেঙে পড়া কালভার্ট দ্রুত পুনর্নিমাণের পাশাপাশি ড্রেনের ঢাল, পানি প্রবাহের পথ ও নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করতে হবে। একই সঙ্গে পুরো কাজের গুণগত মান যাচাই করে টেকসইভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগই নতুন করে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
#
