নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে যশোরের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কর পরিষদ। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চাকরিতে নার্সিং ক্যাডার ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। একই সাথে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানিয়েছেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। এসময় সংগঠনের আহ্বায়ক মোসাম্মৎ সালমা খানম ও সদস্য সচিব আর্জিনা খাতুনসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
