নিজস্ব প্রতিবেদক
যশোরের বিশিষ্ট আইনজীবী মঞ্জুরুল হক (৮৩) আর নেই। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর দুই ঘণ্টা আগে রাত ৮টা ২০ মিনিটে কানাডা প্রবাসী তার ছোট মেয়ে কাকলী মারা যান। ইন্না…রাজিউন। মঞ্জুরুল হক উদীচী ও বিবর্তন যশোরের উপদেষ্টা ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাবা-মেয়ের মৃত্যুতে এজেলার সামাজিক, সাংস্কৃতিক ও আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের (মঞ্জুরুল হক) ছেলে এ্যাডভোকেট সোহেল শামীম বলেন, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) কানাডা প্রবাসী তার ছোট বোন কাকলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি তার বাবা মঞ্জুরুল হককে দিতে গিয়ে বুঝতে পারেন তিনি গুরুতর অসুস্থবোধ করে শুয়ে আছেন। এসময় কাকলীর মৃত্যু সংবাদ না দিয়ে বাবার সেবা করতে থাকেন। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মারা যান বাবা।
এদিকে শনিবার বেলা ১১টায় মরহুমের কফিন উদীচী ও দুপুর ১২ টার দিকে বিবর্তন যশোর চত্বরে আনা হয়। এসময় জেলা জাসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর ইন্সটিটিউট, বিবর্তন, সুরধুনী, সুরবিতান, তির্যক, কিংসুক, চাঁদের হাট, থিয়েটার ক্যানভাস, সপ্তসুর, যশোর সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রবিউল আলম, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, সাবেক সহসভাপতি এ্যাডভোকেট শহীদ আনোয়ার, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাবেক সভাপতি হারুণ-অর-রশিদ, বর্তমান সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস ইভা, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক সাজেদ রহমান, তৌহিদ জামান, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, অধ্যাপক শাহীন ইকবাল, জাসদ নেতা এ্যাডভোকেট আবুল কায়েস, শরীফ আহম্মেদ বাপী, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, সাবেক সম্পাদক আতিকুজ্জামান রনি, স্পন্দন যশোরের শরিফুল ইসলাম প্রমুখ।
শনিবার জোহারের নামাজের পর বেজপাড়া সাদেক দারোগা মোড় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে, প্রবীণ আইনজীবী মঞ্জুরুল হক ও তার মেয়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জেলা জাসদ। জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক রায় এক বিবৃতিতে মরহুমে রূহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
