নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচিতে যশোরে জাতীয় অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। বুধবার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যকে সামনে রেখে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন রাষ্ট্রীয় প্রক্রিয়ায় যারা বৈধ ভাবে বিদেশ যাচ্ছেন। তাদের কর্মসংস্থান হয়েছে। আয় করছেন। আর যারা অবৈধপথে দালালের মাধ্যমে বিদেশ যাচ্ছেন, তারা প্রতারণার স্বীকার হয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছে। এজন্য প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ যাওয়া উচিৎ। আর যারা দেশের বাইরে শ্রমের বাজারে প্রবেশ করছে তাদের শ্রম ব্যবস্থা নিশ্চিত করা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হারুন আক্তার, স্বপ্না খাতুন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবীর নান্টু, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক আলমাসুর রহমান প্রমুখ। পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।
আলোচনা শেষে সর্বোচ রেমিটেন্স আহরণকারী তিন ব্যাংকের কর্মকর্তা, রেমিটেন্স প্রেরণকারী ও জব ফেয়ারে অংশ গ্রহণ উপলক্ষে প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী তিন ব্যাংকের মধ্যে প্রথম হয়েছে ইসলামী ব্যাংক, দ্বিতীয় অগ্রণী ব্যাংক ও তৃতীয় হয়েছে জনতা ব্যাংক। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী স্বপ্না খাতুন (মার্কিন যুক্তরাষ্ট্র), শেখ হারুন আক্তারকে (আরব আমিরাত) সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জব ফেয়ারে অংশ গ্রহণ উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত প্রতিষ্ঠান হল, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ওয়েল ফেয়ার সেন্টার, সলিডারিটি সেন্টার, জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর। এর আগে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এদিকে আইএফআইসি ব্যাংক যশোর জেলা শাখা র্যালি ও মেলায় অংশগ্রহণ করে। এ সময় সঠিক নিয়ম মেনে এবং প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে যেতে আগ্রহীদের বিদেশ যাওয়ার আহ্বান করা হয়। মেলায় অভিবাসন প্রত্যাশীও প্রবাস গমনে আগ্রহী কর্মীদের সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠানোর সহজ প্রক্রিয়া সর্ম্পকে ধারণা প্রদান করা হয়।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রবাসগামী কর্মীদের ‘রেমিটেন্স থ্রু লিগ্যাল চ্যানেল’ শীর্ষক একটি প্রশিক্ষণ প্রদান করে আসছে।
এছাড়া প্রবাসীরা আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ এর অধিক শাখা-উপশাখার মাধ্যমে বিদেশ থেকে প্রবাসীরা দেশে কষ্টার্জিত রেমিট্যান্স পাঠাতে পারেন। ফলে প্রবাসীদের স্বজনেরা এখন খুব সহজেই নিকটস্থ আইএফআইসি ব্যাংক থেকে কষ্টার্জিত রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে পারেন।
