নিজস্ব প্রতিবেদক: যশোরের রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় অস্ত্রের কারখানা থেকে অস্ত্র উদ্ধার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মৃত এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম ওরফে আব্দুল আজিজ, সদর উপজেলার বাহাদুরপুর দক্ষিণপাড়ার আহাম্মদ আলীর ছেলে ও শহরের বারান্দীপাড়া রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক কুদ্দুস আলী।
উল্লেখ্য, ১৪ অক্টোবর রাতে শহরের বারান্দীপাড়া রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি লেদে অভিযান চালিয়ে নির্মিত দুইটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় আটক করা হয় আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আব্দুল আজিজ ও লেদ মালিক কুদ্দুস আলীসহ তিন জনকে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা করে ডিবি পুলিশ।