নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে আওয়ামী লীগের উদ্যোগে ভোট কেন্দ্রের জিআইএস ম্যাপিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্মার্ট কর্নারে এই কার্যক্রম বিষয়ে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। জিআইএস ম্যাপিং কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম। এতে জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নারের ৪ জন কর্মী ও ছাত্রলীগের কর্মীসহ ৩০ জন কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথি অ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু কখনো জিপিএস অথবা সহজ উদাহরণ দিলে গুগল ম্যাপ ব্যবহার করেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। নির্বাচনে জিআইএস সফটওয়্যার দ্বারা আমরা কেমন করে ইন্টারেক্টিভ মানচিত্রে ডেটা ক্যাপচার ও প্রদর্শন করবে তা অনুধাবন করতে পারি। তিনি ছাত্রলীগকে ১০টি প্রাথমিক তথ্য সংগ্রহ করতে বলেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের দিন জামাত-বিএনপি গুজব প্রতিহতে যে কোন ধরনের সন্ত্রাসী মোকাবেলায় এই সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে। পোলিং এজেন্ট, ভোট কেন্দ্র কমিটি ও ছাত্রলীগকে সঠিক তথ্য প্রদানে ও সমস্যা সমাধানে সহায়তা করবে। জাতীয় শোক দিবসের পরপরই ঝিকরগাছা ও চৌগাছা ১৭৫টি ভোট কেন্দ্রের তথ্য মাঠ পর্যায়ে শুরু হবে। নেত্রীন স্মার্ট বাংলাদেশ গঠনে যশোর পূর্বের ন্যায় অগ্রণী ভূমিকা পালন করবে। স্মার্ট ভোটার, স্মার্ট কর্মী গঠনে আমরা কাজ করে যাব।
