নিজস্ব প্রতিবেদক
যশোরের ইটভাটা শ্রমিককে ধর্ষণের মামলায় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল আদালতে এই চার্জশিট দাখিল করেছেন।
অভিযুক্ত আসামিরা হলো, যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসিম সরদারের ছেলে রাব্বি হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, যশোর সদরের বাগেরহাট গ্রামে আসলামের ইটভাটায় প্রায় ৪-৫ মাস ধরে শ্রমিকের কাজ করতেন এক দম্পতি। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করতেন। ভাটার ট্রাক চালক রাব্বির মাধ্যমে ওই নারীর পরিচয় হয় আসামি আকরামের সাথে।
চলতি বছরের ২৫ এপ্রিল ভোর রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। পুকুর থেকে ঘরের ফেরার পথে আকরাম তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। একাজে আকরামকে সহযোগিতা করে আসামি রাব্বি। এঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে আসামির দেয়া স্বীকারোক্তি জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।
