নিজস্ব প্রতিবেদক ॥ যশোর শহরতলীর সুজলপুর গ্রামের ইরিয়ান গাজী হত্যাকা-ে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বেলা সাড়ে ১১ টার প্রেসক্লাব যশোরের সামনে সামনে আরবপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ইরিয়ানের পরিবারসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
ইরিয়ান গাজীর বাবা খোরশেদ গাজী বলেন, আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে শরিফ গ্যাং। তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি আমার পরিবার নিয়ে আতংকে দিন কাটাচ্ছি। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফ সরদার। এ সময় তিন আসামিদের দ্রুত আটক করে দ্রত আইননের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, গত শনিবার শহরতলীর সুজলপুর গ্রামে ইরিয়ান গাজী (২৫) দুর্বৃত্তরা ঘরে ঢুকে টেনে হেঁচড়ে বের করে উঠানেই বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ইরিয়ান গাজী আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের খোরশেদ গাজীর ছেলে। এ ঘটনায় এলাকাবাসী রোববার বিকেলে লাশ নিয়ে স্থানীয় সুজলপুর বাজারে বিক্ষোভ করে। মিছিল থেকে ইরিয়ান গাজীর হত্যাকারীদের দ্রুত আটক ও বিচার দাবি করা হয়। এদিকে, এই ঘটনায় ১৫জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন ইরিয়ানের বাবা খোরশেদ গাজী।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই বিমান তরফদার জানিয়েছেন, এখনো কেউ আটক করা যায়নি। তবে এলাকায় অভিযান চালানো হচ্ছে। আসামিরা পলাতক আছে।