নিজস্ব প্রতিবেদক
যশোরে গত এক বছরে দুই হাজার ১২ জনকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া এডিআরের মাধ্যমে ৬৪০ টি মামলার বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। আর ৪৭৭ মামলার জন্য বিনামূল্যে নিয়োগ করা হয়েছে আইনজীবী। গতকাল জাতীয় আইনগত সহায়তা দিবসের যশোরের আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার রাফিয়া সুলতানা এতথ্য জানান।
সকাল ১০টায় ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয়তলায় এ সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।
সভায় বক্তব্য রাখেন, স্পেশাল জেলা ও দায়রা জজ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবীর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীন, যশোরে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস, পিপি এম ইদ্রিস আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট শহিদুর রহমান, ব্লাস্ট যশোরের সমন্বয়কারী মোস্তফা হুমায়ন কবীর প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাশ।
অনুষ্ঠানে লিগ্যাল এইডের সেবা গ্রহীতাদের মধ্যে শার্শা উপজেলার নিজামপুর গ্রামের ফাইমা খাতুন ও সদর উপজেলার লেবুতলার আবদার রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সেবা প্যানেল আইনজীবী হিসেবে শাহানাজ আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বেঞ্চ সহকারি আব্দুল হালিম ও গীতাপাঠ করেন মনোজ চক্রবর্তী।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মরহুম জিপি কাজী বাহাউদ্দীন ইকবালের রুহের মাগফেরাত কামনা ও ক্যান্সারে আক্রান্ত সাবেক জেলা লিগ্যাল এইড অফিসার আহসান হাবীবের রোগমুক্তি কামনা করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এরআগে সকাল নয়টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ প্রতিপাদ্যে এবার আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
