নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের খড়কি বামনপাড়া রোডের শেখ ইউসুফ আলী বুলুুকে কৌশলে বাড়িতে নিয়ে আটক রাখার অভিযোগে তিনজনকে বিবাদী করে নির্বাহী আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার বুলুর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। বিবাদীরা হলো, খড়কি বামনপাড়া রোডের শেখ তহিদুল ইসলাম, মেয়ে আয়েশা ও বাহারুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন।
সদর নির্বাহী আমলী আদালতে বিচারক এনডিসি মামুনুর রশীদ অভিযোগটি আমলে নিয়ে বিবাদীদের ভিকটিমসহ আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চসহকারী মোস্তাক আহম্মেদ।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বুলুর পরিবারের। বুলুর খড়কি ও ভাতুড়িয়া মৌজায় জমি আত্মসাতের উদ্দ্যেশে বিবাদীরা নানা ষড়যন্ত্র করছে। গত ২৯ জানুয়ারি ফাতেমা বেগম বাড়িতে এসে দেখেন তার অসুস্থ স্বামী বাড়ি নেই। ছেলের কাছে তিনি জানতে পারেন বিবাদীরা তার স্বামীকে নিয়ে গেছে। ফাতেমা বেগম বিবাদীদের বাড়িতে যেয়ে দেখেন তার স্বামীকে ঘরের মধ্যে রেখে দরজায় তালা দিয়ে রেখেছে। তিনি তার স্বামীকে ছেড়ে দিতে বললে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ফাতেমা বেগম বিষয়টি স্থানীয় মহিলা কমিশনারকে জানান এবং তাকে সাথে নিয়ে বিবাদীদের বাড়িতে গেলে অপমান করে তাড়িয়ে দেয়। বিবাদীরা বুলুকে আটকে রেখে জমি আত্মসাতের পায়তারা করছে। স্বামীকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।