নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের সুজলপুর বাইপাস সড়কে গৃহবধূ গণধর্ষণের অভিযোগে আটক বাবু শেখের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বাবু শেখ যশোর শহরতলীর খোলাডাঙ্গার আসমত হোসেনের জামাই।
মামলার অভিযোগে জানা গেছে, গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন নানা ভাবে তাকে নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছিল। গত ৩১ অক্টোবর ওই গৃহবধূ তার কারাবন্দি স্বামীর সাথে আদালতে দেখা করতে আসেন। আসামি বাবু ও তার শাশুড়িসহ অন্যদের সাথে তিনি ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ননদ পারুল ও তার বর বাবু তাকে সুজলপুর ময়লা খানার সামনের রাস্তায় নামতে বলে।
রাত ৮টার দিকে তিনজন ব্যক্তি তাদের কাছে আসলে বাবু তাকে জোর করে পাশের কলাবাগানে নিয়ে যায়। এরপর অপরিচিত তিনজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। তিনি পরে তার মায়ের কাছে ফোন দিলে তার মা ঘটনাস্থলে এসে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শাশুড়ি, ননদ, ননদের স্বামীসহ অপরিচিত তিনজনকে আসামি করে ওই গৃহবধূর মা কোতোয়ালি থানায় মামলা করেন।