নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় ১ কোটি খেজুর বীজ বপনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে উদ্ধারকৃত সাড়ে চার একর খাস জমিতে খেজুর বীজ বপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
তিনি বলেন, সম্প্রতি যশোরের খেজুরগুড়ের জিআই সনদ লাভের পরিপ্রেক্ষিতে খেজুর গুড়ের যথার্থ গুণগত মান নিশ্চিতকরণ এবং খেজুর গাছের চারা আরো সহজ লভ্য করার লক্ষ্যে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পেয়েছে। সেকারণেই যশোরের প্রতিটি উপজেলায় এই কর্মসূচির অধীনে খেজুর বীজ বপন করা হবে। ১ কোটি খেজুর বীজের পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। যশোরের ৮টি উপজেলার মধ্যে অভয়নগরে ৩০ লক্ষ এবং বাকি ৭টি উপজেলার প্রতিটিতে ১০ লক্ষ করে বীজ বপন করা হবে।
তিনি আরও বলেন, খেজুর বীজ ও চারা বপনের জন্য উপজেলা পর্যায়ে উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলমান রয়েছে। বরাবরের মতোই সরকারি খাস জমিকে অগ্রাধিকার দেয়া হলেও এবার ব্যক্তিগত জমিতে তৈরিকৃত ঘেরের দুই পাশ, সরকারি স্কুল-কলেজের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বীজ ও চারা বপনের উদ্যোগ নেয়া হয়েছে। মাটি ক্ষয় রোধ এবং অবকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে সরকারি রাস্তা ও নদীর পাড় ও বেড়িবাঁধ-এর দুই পাশে খেজুর বীজ ও চারা বপনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক জানান, অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ দিনে ৩০ লক্ষ খেজুর বীজ বপনের পাশাপাশি তিন হাজার খেজুর চারাও রোপন করা হবে। চলতি আষাঢ় মাসেই পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও খেজুর বীজ বপনের উৎসব অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির বাস্তবায়ন করা হলেও দীর্ঘমেয়াদে গাছের পরিচর্যার লক্ষ্যে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরসমূহের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নির্বিচার বৃক্ষনিধন এবং রস সংগ্রহ ও গুড় শিল্পে গাছিদের আগ্রহ কমে যাওয়ায় একসময় যশোরের সুপ্রাচীন ঐতিহ্যটি হুমকির মুখে পড়লেও জেলা প্রশাসন যশোরের নানামুখী উদ্যোগে এরই মধ্যে শিল্পটির সুদিন ফিরতে শুরু করেছে।
ইতোমধ্যে খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে জেলার চৌগাছা ও অভয়নগর উপজেলায় গাছিদের অংশগ্রহণে একাধিক গাছি সমাবেশ আয়োজন করা হয়েছে, যেখানে গাছিদের সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সচেতন মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল অংশীজন আলোচনার মাধ্যমে খেজুর গুড় শিল্পের সংরক্ষনের কর্মপরিকল্পনা গৃহীত হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চৌগাছা উপজেলা প্রশাসনের মাধ্যমে মোট ৭৩ একর খাস জমি পুনরুদ্ধার করে ২ হাজার ৫০০ খেজুর গাছের ২টি খেজুর বাগান তৈরি করা হয়। এছাড়া গত বছর এই উপজেলায় বিভিন্ন পতিত জমিতে ৫০ লক্ষাধিক বীজ বপন করা হয়।
