নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় মতিয়ার রহমান নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে চাঁদার দাবিতে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে তিনজনকে।
এরা হলো, একই এলাকার রবিউল ইসলাম রুবেল (৩৫), তারিকুজ্জামান ওরফে সুজন (৩৭) ও শামীম জাকারিয়া (৩৮)।
৫ এপ্রিল রাতে দায়ের করা এজাহারে মতিয়ার রহমান উল্লেখ করেছেন, তিনি ওই এলাকায় বসবাসের সুবাদে আসামিদের চেনেন। তারা অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। গত কয়েকদিন ধরে আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা গত ৩১ মার্চ সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার বাড়ি খুকু ভিলাতে ঢোকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি নিষেধ করলে আসামিরা একত্রিক হয়ে তাকে মারপিটে জখম করে। লোহার রড দিয়ে পিটিয়ে তার পকেটে থাকা জমি বিক্রির দুই লাখ টাকা নিয়ে যায়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তিনি প্রথমে সিএমএইচ এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।