নিজস্ব প্রতিবেদক: চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর ডিবি পুলিশের রাজেশ কুমার দাস এ শনিবার মামলা করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হচ্ছে খুলনার গাইকুড় গ্রামের মৃত রুস্তম আলী গাজির ছেলে আল-আমিন গাজি (৩২) ও মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামের রতন মোল্লার ছেলে লিটন মোল্লা (৪২)। এদের মধ্যে আল-আমিন গাজিকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৭ হাজার ৩৯০ টাকা একটি কালো রঙের পালসার মোটর সাইকেল ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মামলায় এস আই রাজেশ কুমার দাশ বলেন, তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোরের খয়েরতলায় রাস্তার উপর দুইজন ব্যক্তি সরকারি চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করছে। এই খবরের ভিত্তিতে শনিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার্স ফোর্সের সহায়তায় আল-আমিন গাজিকে আটক করা হয়। লিটন মোল্লা দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে পলাতক আসামি লিটন মোল্লা লোক ভর্তির জন্য টাকা রেখেছে।
উপস্থিতি স্থানীয় লোকজনের সামনে আল-আমিন গাজির দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ৬৭ হাজার ৩শ ৯০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক আলআমিন আরো জানায়, লিটন মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন লোককে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করে।