নিজস্ব প্রতিবেদক ॥ যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় থেকে চালককে মারপিট করে টাকা ও ইজিবাইক ছিনিয়ে নেয়ার অভিযোগে থানায় দস্যুতা আইনে মামলা হয়েছে। ১৪ এপ্রিল এই ঘটনার পরে ১৭ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় তিনজনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আসামিরা হলো, একই এলাকার ইমন, আলীম এবং হানিফ।
সদর উপজেলার বাউলিয়া গ্রামের জসিম উদ্দিন মামলায় বলেছেন, তাদের এলাকার তারেক রহমানের দেড় লাখ টাকা মূল্যের একটি ইজিবাইক তিনি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১৪ এপ্রিল শহরের পালবাড়ির মোড়ে থাকাকালে তিন আসামিসহ ৪জন আকবরের মোড় পরশমনি হাউজিং প্লটে যাওয়ার জন্য ভাড়া ঠিক করে। রাত ৯টার দিকে আকবরের মোড়ে পৌছালে ওই তিনজনসহ ৪জন তাকে চাকু ঠেকিয়ে এবং হাত থেকে মোবাইল ফোনসেটটি নিয়ে নেয়। পরে খুন জখমের হুমকি দিয়ে পকেটে থাকা ৭ হাজার টাকা কেড়ে নেয়। এরপর ইজিবাকটি কেড়ে নিয়ে তারা চলে যায়। তিনি বিষয়টি তার মালিককে জানিয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে ইজিবাইকের সন্ধান করতে না পেরে মামলা করেন।
এলাকার একটি সূত্র জানিয়েছে, ওই তিন আসামিসহ এলাকার একটি চক্র আছে যারা নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি, চুরি ও মাদকের কারবার করে বেড়ায়। বর্তমানে চোপদারপাড়া, আনসার ক্যাম্পের এলাকা, বেজপাড়া কবরস্থান এলাকায় এ সব ছিনতাইকারীর বসবাস। প্রায়ই সময় রিকসা, ইজিবাইক ছিনতাই, বাড়িতে গ্রিলকেটে বা দরজা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এই চক্রটিই এই সব ঘটনার সাথে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।