নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বকচরে চেক ডিজঅনার মামলা তুলে নিতে অস্বীকার করায় সোহেল রানা (৩৫) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে মামলার আসামিরা। তিনি শহরের বকচর হুশতলা বউবাজার এলাকার নূর ইসলামের ছেলে। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে একই এলাকার হামিদ গাজীর ছেলে মিন্টু গাজীকে আসামি করে যশোর বিজ্ঞ আদালতে চেক জালিয়াতির ঘটনায় চেক ডিজঅনার মামলা করেন সোহেল রানা।
আহত সোহেল রানা বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করায় আমি যশোর বিজ্ঞ আদালতে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করি। এরপর থেকে মামলার আসামি মিন্টু গাজী বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে হুমকি ধামকি প্রদান করে আসছিলো। গত ২৬ মার্চ শনিবার সকাল ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে মিন্টু ও তার সহোযোগিরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, সোহেল রানা নামে একজন ভর্তি হয়। তার মেরুদন্ডে চোট রয়েছে। বর্তমানে পেয়িং ওয়ার্ডে ভর্তি আছে।
যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, বকচরে মারধরের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।