নিজস্ব প্রতিবেদক
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে একটি কাটার ও একটি গাছি-দা উদ্ধার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার হুদারাজাপুরে এই ঘটনার পরে চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৬/৭জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে একই গ্রামের বাঁশিকুল ইসলাম। আটককৃতরা হলো, ফরিদপুরের সালথা উপজেলার যোগিকান্দা গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে শফিক মাতুব্বর, পুরুরা সাধুপাড়া গ্রামের চুন্নু মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর ও মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন।
এই মামলার পলাতক আসামি বোয়ালমারী এলাকার বাকি শেখের ছেলে আব্দুল্লাহ।
বাদী বাঁশিকুল ইসলাম মামলায় বলেছেন, গত ২৩ সেপ্টেম্বর গভীর রাতে ১০/১২জনের একদল ডাকাত হুদা রাজাপুর গ্রামে প্রবেশ করে। গ্রামের কুদ্দুস ডাক্তারের বাড়িতে আসলে ডাকাত ডাকাত বলে চিৎকার করে স্থানীয়রা। এরপরে তারা একই গ্রামের এনামুল হকের বাড়ির দিকে আসে। এসময় গ্রামবাসী ধাওয়া করে ওই তিনজনকে আটক ও তাদের কাছ থেকে একটি কাটার ও একটি গাছি-দা উদ্ধার করে। পাশাপাশি স্থানীয়রা তাদেরকে গণধোলাই দেয়। এসময় তাদের সাথে থাকা আরো ৬/৭জন পালিয়ে চলে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং থানায় মামলা দেয়া হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
