নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের আব্দুলপুর গ্রামে তরুণীকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন ও ঘটনার সাথে জড়িতদের পুনরায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক ও সুপারেনডেন্ট অফ পুলিশ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি আফরোজা শিরিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান এ্যানি, আন্দোলন সম্পাদক উম্মে কুলসুম আলো, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য খুরশীদা জাহান খাঁন এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ ধ্রুব বিশ্বাস।
স্মারকলিপিতে বলা হয়েছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের এক তরুণীকে গত ১৫ মার্চ একটি দোকানের মধ্যে আটকে রেখে নির্যাতন চালায় চুড়ামনকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান ও তার সহযোগীরা। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় তরুণীকে এলোপাতাড়ি লাঠিপেটা ও জুতাপেটা করছেন ইউপি সদস্য আনিচুর রহমান। ওই তরুণী মাটিতে লুটিয়ে পড়লেও ইউপি সদস্যের পাশে থাকা কয়েক যবুকও নির্যাতনে অংশ নেয়।
১৮ মার্চ নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর তরুণীর বাবা সাহেব আলী ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্য আনিচুর রহমানসহ ৪ জনকে আটক করে ডিবি পুলিশ। কিন্তু আসামিরা আটকের পরের দিন জামিনে মুক্ত হওয়ায় গোটা যশোরবাসী হতবাক হয়েছেন। মহিলা পরিষদ যশোর জেলা শাখা এই ঘটনার সাথে জড়িত সব আসামির পুনরায় গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেছে।