নিজস্ব প্রতিবেদক: যশোরে দুই শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবিতে আটক রাখা এবং টাকা নিয়ে নেয়ার অভিযোগে দুই দুর্বৃত্তকে আটকের পর পুলিশের দিয়েছে স্থানীয়রা। গত ২৩ জুন শহরের আরবপুর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ভুক্তভোগী শিহাব উদ্দিন (১৯) আটক দুইজনসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলো, শহরের খোলাডাঙ্গা কদমতলা হ্যাচারিপাড়ার জাহিদুল ইসলাম বকুলের ছেলে সোয়েব আক্তার মারুফ (১৯) ও ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন (১৯)। এই মামলার পলাতক দুই আসামি হলো, শহরের ধর্মতলা কদমতলার আশিক ও সজল।
মামলার বাদী শিহাব উদ্দিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি যশোর শহরের পাওয়ার হাউজ মোড়ে বজলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া এবং যশোরের একটি কলেজে লেখাপড়া করেন।
এজাহারে তিনি বলেছেন, শিহাব এবং তার এক বান্ধবী প্রাইভেট পড়ে ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যান্টনমেন্ট কলেজের পিছন দিয়ে যাচ্ছিলেন। কলেজের পশ্চিমপাশে পৌছানো মাত্র আটক দুইজনসহ কয়েকজনে তাদের দুইজনকে পথরোধ করে। এরপর তাদের জোর পূর্বক অপহরণ করে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এসময় তাদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় কাছে থাকা আড়াই হাজার টাকা চাঁদা স্বরূপ নিয়ে নেয়। তাছাড়া তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে মোবাইল করে টাকা আনতে বলে। শিহাবের বন্ধু আরাফাত উল্যাহ সাফি জানতে পেরে কিছু লোকজন নিয়ে সেই জঙ্গলের মধ্যে যান। লোকজন দেখে তারা পালানোর চেষ্টাকালে মারুফ ও ইয়াছিনকে ধরে ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ সেখান থেকে আটক দুইজনকে হেফাজতে নেয়। এই ঘটনায় মামলার পরে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।