নিজস্ব প্রতিবেদক: যশোরে নয় তলার ছাদ থেকে লাফ দিয়ে শুকুমার দাশ (৭৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ দিকে শহরের পশ্চিমপাড়া খালধার রোডের আখপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
শুকুমার দাশ খালধার রোডে আব্দুর রহমান কিনার মালিকাধীন নয় তলার তৃতীয়তলার বাসিন্দা।
মৃতের শ্যালিকা রিনা সরকার বলেন, শুকুমার মানসিক রোগী ছিলেন। সপ্তাহ খানেক আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি আসেন। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার বিকালে তিনি বিল্ডিংয়ের নয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শুকুমার দাশ মানসিক রোগী ছিলেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।