নিজস্ব প্রতিবেদক
যশোর বেনাপোল সড়কের ধোপাখোলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে নিষিদ্ধ পলিথিনসহ একটি ক্যাভার্ডভ্যান জব্দ এবং চালককে আটক করেছে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের এসআই মো. আব্দুল্লাহ আল মামুন গোপন সূত্রে খবর পান, ধোপাখোলাস্থ গালফ ফিলিং স্টেশনের অভ্যন্তরে একটি ক্যাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ড-১৪-৮৭২৮) অবস্থান করছে। এই ক্যাভার্ডভ্যানের ভেতর বিপুল পরিমানে নিষিদ্ধ পলিথিন রয়েছে। যা কেশবপুব বাজারের তাপস কুন্ডু নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। এ খবর পেয়ে এসআই আব্দুল্লাহ আল মামুন সেখানে অভিযান চালান।
এ সময় তিনি ক্যাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ১শ’ কেজি (২৮ বস্তা) উদ্ধার করেন। একই সাথে ক্যাভার্ডভ্যানটি জব্দ এবং চালক হাসান আলীকে আটক করা হয়। হাসান আলী শার্শা উপজেলার দিঘিরপাড় এলাকার জালাল মিয়ার ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
