নিজস্ব প্রতিবেদক: যশোরে পাঁচ দিনব্যাপী ‘জেলা সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে। মুজিব জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ উৎসব শুরু হয়। টাউন হল ময়দানে এ উৎসব আয়োজনের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ভেন্যু পরিবর্তন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব শুরু করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর এত বছরে আমাদের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন যথেষ্ট হয়েছে। আর এ উন্নয়নের সুফল পেতে চাই মানবিক উৎকর্ষ। তাই মানবিক উন্নয়ন আজ সময়ের দাবি। আর এ দাবি বাস্তবায়নে সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুণ-অর-রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক ও বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু।
উদ্বোধনী দিনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন পুনশ্চ, সুরধুনী ও শিল্পকলা একাডেমির শিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করেন নৃত্যবিতান, উদীচী, চাঁদের হাট, শেকড় ও ভৈরবের শিক্ষার্থীবৃন্দ।
একক আবৃত্তি করেন কামরুল হাসান রিপন, জাহিদুল ইসলাম যাদু ও শাহারিন নিশি। একক সংগীত পরিবেশন করেন মোয়াজ্জেম হোসেন স্বপন, অমিতাভ দাস ভোলা, অনুপম দাস, রফিকুল হাসান, আবিদা কামাল, দীলিপ সেন, পার্থ সাহা, অসীম ম-ল রনি, সালেহা সাথী ও রিপা রায়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলা দাস। ১০ মে বিকেলে ‘লোক সাংস্কৃতিক উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে আলোচনাসহ জেলার আট উপজেলার বাউল শিল্পীরা লোকজ গান পরিবেশন করবেন। ১১ মে বিকেলে ‘সোনার মানুষ চাই’ ও ‘মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠানে আলোচনাসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমিসহ ১৯টি সংগঠন সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করবে। ১২ মে বিকেলে ‘২০৪১ বাংলাদেশ হবে নান্দনিক’ ও শিল্পের শহর যশোর’ শীর্ষক অনুষ্ঠানে আলোচনাসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমিসহ ১৮টি সংগঠন সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করবে। উৎসবের সমাপনী দিন ১৩ মে বিকেলে ‘সাইবার অপরাধ বিরুদ্ধে শিল্প সংস্কৃতি’ ও জঙ্গিবাদ ও মাদকাসক্তের বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠানে আলোচনা করবেন বীর মুক্তিযোদ্ধ ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমিসহ ১৪টি সংগঠন সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করবে।