নিজস্ব প্রতিবেদক: যশোরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় ‘হিন্দু আইন ও পূজা পদ্ধতি’ বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যশোর রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমে ৩টি বিষয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে খুলনা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়ার কনসালটেন্ট (প্রশিক্ষণ) সুশান্ত ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, স্বামী আত্মবিভানন্দ, যশোর মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের এপিডি চৈতি ব্যানার্জী।
জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) সুশান্ত ব্যানার্জী জানান, ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদেরকে ‘হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা’ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে প্রশিক্ষণের মূল লক্ষ্য। এ প্রশিক্ষণে প্রথম পর্যায়ে এ জেলার ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করে।