নিজস্ব প্রতিবেদক: পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের বিরুদ্ধে স্ত্রী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদী আক্তারকে (৪০) শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে যশোর শহরের খড়কির বাসভবনে নির্যাতনের ঘটনা ঘটে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত শাহাজাদীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখায় এবং তার স্বামী কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী এসআই শাহাজাদী আক্তার বলেন, ২০০০ সালে তাদের বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এরপরও কামরুজ্জামান তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন। যৌতুক দাবিতে তার উপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালান কামরুজ্জামান। তিনি যৌতুক আইনে মামলা করেছেন। ছুটিতে বাড়ি এসে কামরুজ্জামান মামলা তুলে নিতে চাপ দেন।
শাহাজাদী দাবি করেন, যৌতুক মামলা তুলে নিতে অস্বীকার করায় শুক্রবার রাতে তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন কামরুজ্জামান। ঠেকাতে গেলে মাথায়, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। মাটিতে পড়ে গেলে লাঠি দিয়ে আঘাত করে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ বলেন, এসআই শাহাজাদীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, শাহাজাদীকে নির্যাতনের বিষয়ে কেউ তার কাছে অভিযোগ করেনি। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
তবে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতে এমন অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
