নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রধানমন্ত্রীর জনসভার প্রচারে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম চমক দেখালেন। মঙ্গলবার দুপুরে দুইশো সাইকেল নিয়ে এক বর্ণাঢ্য র্যালি গোটা শহর ঘুরে বেড়ায়।
এসময় চালকদের গায়ে ছিল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত গেঞ্জি। মাথায় ছিল নির্বাচনী প্রতীক নৌকার ক্যাপ।
প্রতিটি সাইকেলে ছিল সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত ফেস্টুন। র্যালিটি শহর ও শহরতলী প্রদক্ষিণকালে মানুষজন থমকে দাঁড়ায়। এসময় অনেককেই বলতে শোনা যায় বাহ, বাহ চমৎকার।
শহরের বারান্দীপাড়ার আঁকাবাঁকা বাড়ির সামনে থেকে র্যালিটি বের করা হয়। এরপর রবীন্দ্রনাথ সড়ক, মণিহার, হাইকোর্ট মোড়, দড়াটানা, সার্কিট হাউজ মোড়, চৌরাস্তা হয়ে তার বাসভবনে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালিতে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
যশোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তম বলেন, ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গতকাল এই সাইকেল র্যালি কর্মসূচি। প্রধানমন্ত্রীর জনসভায় দলে দলে যোগ দিতে বৃহত্তর যশোরবাসীকে আহ্বান জানিয়েছি আমরা। ২৪ তারিখের জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
প্রসঙ্গত, যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কয়েক লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।