নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার ভায়না গ্রামের বাপ্পি হাসান (১৯) নামে এক তরুণ খুনের আসামিরা গত দুই সপ্তাহেও আটক হয়নি। ছুরিকাঘাতের ৮দিন পর তিনি খুলনা মেডিকেল হাসপাতালে মারা গেলেও আসামিরা ধরাছোয়ার বাইরে রয়েছেন। বাপ্পি হাসান ভায়না গ্রামের হাসান মোল্লার ছেলে।
যশোর সদরের চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম জানান, ভায়না গ্রামে বাপ্পি হাসান নামে এক তরুণকে তারাগঞ্জ বাজারে গত ২৬ এপ্রিল ছুরিকাঘাত করা হয়। একই ঘটনায় সোহান ও রনি নামে আরো দুজন ছুরিকাঘাতপ্রাপ্ত হন। ছুরিকাঘাতের ঘটনায় মাকুল, স্বাধীন হাসান, সোহেল, রিয়াজ, রাব্বি স্বাধীনসহ (২) ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে, নিহত বাপ্পি মারাত্মক আহত হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত ৪ মে সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পরবর্তীতে এ হত্যাচেষ্টা মামলা হত্যা মামলায় রূপান্তিত হয়। কিন্তু খুনের সাথে জড়িতরা এখনো কেউ আটক হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, পুলিশ খুনের সাথে জড়িতদের আটকে চেষ্টা করে যাচ্ছে।