কল্যাণ রিপোর্ট: যশোর কোতয়ালি থানা পুলিশ তিনটি বার্মিজ চাকুসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় শহরের বারান্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজনসহ ১২ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
আটকরা হলো, যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার জোসনার বাড়ির ভাড়াটিয়া মারুফ হোসেন (২০), একই এলাকার সরোয়ারের বাড়ির ভাড়াটিয়া সোহেল (২০) ও মোল্লাপাড়া বাঁশতলা আইডিয়াল স্কুলের গলির সাজিদ (২০)।
মামলার অন্য আসামিরা হলো, বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা আইডিয়াল স্কুলের গলির জিসান (২২), ইসমাইল (২৩), লিমন (২৩), রিপন (২০), মোল্লাপাড়া ডেইজি মেম্বরের গলির শফি (২৩), রাব্বি (২০), বারান্দী মোল্লাপাড়া আইডিয়াল স্কুলের গলির রাসেল (২১), রাকিব (২০) এবং মাহমুদুল হাসান শুভ (২০)।
কোতয়ালি থানার এসআই সেকেন্দার আবু জাফর জানিয়েছেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য অস্ত্রশস্ত্রসহ এলাকার জনমনে ত্রাস সৃষ্টি করছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে গেলে পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। আটক তিনজনের প্রত্যেকের কাছ থেকে একটি করে বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক তিনজনের কাছ থেকে বাকি আসামিদের নাম পরিচয় জানতে পারে পুলিশ। সে অনুযায়ী বাকি পলাতক নয়জনকে আসামি করা হয়েছে। আটক তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।