নিজস্ব প্রতিবেদক
যশোরের পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ শহরের পৌরপার্ক থেকে বার্মিজ চাকুসহ তিন কিশোরকে আটক করেছে। আটককৃতরা হলো শহরের বারান্দিপাড়া মাঠপাড়া কাদের হুজুরের বাড়ির ভাড়াটিয়া শিপুলের ছেলে সাহেব আলী জয় (১৮), বারান্দি বিশ্বাস পাড়ার টাক বাবুর বাড়ির বাড়াটিয়া জসিমের ছেলে মেহেদি হাসান (১৮) ও পূর্ববারান্দিপাড়া খেজুর বাগানের সাইফুলের বাড়ির ভাড়াটিয়া মাসুদ ইসলামের ছেলে শাওন ইসলাম (১৮)। দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়।
কসবা ফাঁড়ির এস আই প্রদীপ কুমার রায় জানান, ৩০ মে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর পার্কের পুকুর পাড় থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর ‘অপরাধীরা’ পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার্স ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। আটকের পর পালানোর কারণ জানতে চাইলে তারা কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি। আটক সাহেব আলী জয়ের দেহ তল্লাশি করে ডান হাত থেকে একটি কালো রঙের বার্মিজ চাকু ও মেহেদি হাসানের দেহ তল্লাশি করে একটি সিলভার রঙের একটি ভাজকরা চাকু উদ্ধার করা হয়। এরা দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে সমবেত হয়ে ক্ষমতার দাপট দেখানোর জন্য জনমনে আতংক ও ভয়ভীতি সৃষ্টি করছিলো।
