নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার রাতের আঁধারে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধীদল দমনে নেমেছেন। সারা দেশের ৪০ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। শতশত নেতাকর্মীকে খুন, গুম করা হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে কোন বাকস্বাধীনতা নেই। এজন্য মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির সকল নেতাকর্মীকে এক কাতারে এসে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। তা নাহলে আগামীকে আরও বেশি হামলা, মামলা হবে আমাদের বিরুদ্ধে। শুক্রবার যশোর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব, আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, মফিকুল হাসান তৃপ্তি, নগর বিএনপির আহবায়ক মারুফুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।