নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ‘ধানের শীষ’ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে গণতন্ত্রের পথ এখনও সুষ্ঠু ও নিরাপদ নয়। তিনি বলেন, “এই পথে ষড়যন্ত্রকারীরা নতুন করে বাধা সৃষ্টি করছে। দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের উত্তরণকে মসৃণ করতে দিতে চায় না। গণতন্ত্রকামী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’’
জেলা বিএনপি কার্যালয়ের সামনে শনিবার অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জনগণের শক্তির চেয়ে কোনো শক্তি বড় নয়। বিগত ১৬ বছরে বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণ যে ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে এখন গণতন্ত্রকামী মানুষকে সক্রিয় করতে হবে। তিনি আরও বলেন, “আজ সকলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের নস্যাৎ করে মানুষের ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার নতুন প্রতিশ্রুতি নিতে হবে।”
তিনি ঢাকায় শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রামে এরশাদ উল্লাহ’র ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি স্পষ্ট যে, যারা দেশের গণতন্ত্র রোধ করতে চায়, তারাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, বিগত ১৬ বছরে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র পুনরুদ্ধার করা হয়নি এবং বর্তমানে তা নতুনভাবে গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম (সভাপতি), সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
সমাবেশ শেষে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌরাস্তা মোড় ও জেল রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
