নিজস্ব প্রতিবেদক
গত এক বছরে যশোর জেলায় ১২৬টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একইসাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলার দুই কাজী মনিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে যশোর সার্কিট হাউজে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে প্রশাসনের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ অভিযানে ১২৬টি বাল্যবিবাহ বন্ধ ছাড়াও আইন অমান্য করে বিয়ে দেওয়ার সাথে জড়িতদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর-এর আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, বাল্য বিবাহ বন্ধে প্রশাসন যথাযথ কাজ করছে। যেখান থেকে বাল্যবিয়ের তথ্য আসে সেখানেই প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। করোনার ঢেউয়ের সময় বাল্যবিয়ে কিছুটা বেড়েছি স্বীকার করে জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, এখন আর বাল্যবিয়ে হতে দেওয়া হবে না। এজন্য প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিয়ত সভা করে জনগণকে সচেতন করছেন। বাল্যবিয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও এর বিধিমালাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আনিসুর রহমান ও রূপান্তরের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।
