নিজস্ব প্রতিবেদক
যশোরে খুলনা বিভাগীয় পর্যায়ের ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাক্কো এই আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তিনি স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ঘোষণা করেছেন। সরকার তথ্যপ্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে আমরা উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব’।
বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ তার বক্তব্যে বলেন, বিপিও শিল্পে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং আমাদের অভিলক্ষ্য ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করা। এই লক্ষমাত্রা অর্জনে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, দক্ষ জনশক্তি সৃষ্টি করা এবং শুধু ঢাকাকে কেন্দ্র করে নয় বরং সমগ্র দেশেই এই শিল্পের ব্যাপ্তি ঘটাতে হবে, তাই প্রয়োজন বেসরকারি উদ্যোগের পাশাপাশি পলিসিগত দিক থেকে সরকারের সার্বিক সহযোগিতা প্রদান করা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব মিজানুর রহমান, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন জিয়া আশরাফ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশর সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, বাক্কোর পরিচালক কাওসার আহমেদ, ও আয়েশা সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় ডিজিকন টেকনোলজিস লিমিটেড, মাই আউটসোর্সিং লিমিটেড, সার্ভিস ইঞ্জিন বিপিও, আয়েশা সার্ভিসেস লিমিটেড) এবং চালডাল লিমিটেড অংশগ্রহণ করে।
