কল্যাণ রিপোর্ট: নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ ঠেকাতে যশোর জুড়ে চলছে করোনা সতর্কতা। ইতিমধ্যে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ দেয়া। বুধবার প্রথমদিন ৫৯৪ জন বুস্টার ডোজ নিয়েছেন। গতকাল যশোর জেনারেল হাসপাতালে এই বুস্টার ডোজ দান কর্মসূচি শুরু হয়। এদিন ৪২৪ জন পুরুষ ও ১৭০ জন নারীকে বুস্টার ডোজ দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, দুটি টিকা নেয়ার পর যাদের ৬ মাস মেয়াদ পার হয়েছে তারা বুস্টার ডোজের আওতায় আসছেন। এছাড়া ষার্টোর্ধ্ব ও বিদেশগামীরাও বুষ্টার ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। উপজেলা পর্যায়েও এই কার্যক্রম চলবে।
এদিকে, ওমিক্রণের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সতর্কবার্তা দেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির জন্য মাইকিং করে বিভিন্ন সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। এসব সতর্ক বার্তার মধ্যে রয়েছে ঘরের বাইরে বের হলে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা। এছাড়াও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি জনসমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হচ্ছে। পারিবারিকসহ বিভিন্ন অনুষ্ঠানে হল রুম বা কমিউনিটি সেন্টারে ধারণ ক্ষমতার অর্ধেক উপস্থিতির কথা বলা হয়েছে সতর্কবার্তায়।
গতকাল যশোর পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে এসব সতর্কতার বিষয়ে জানানো হয়। এদিন দিনভর শহর জুড়ে এসব সতর্কবার্তা প্রচার করে প্রতিষ্ঠানটি। পৌর সচিব আজমল হোসেন জানান, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ শনাক্ত হয়েছে। এটির ছড়িয়ে পড়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌরবাসীর কাছে এসব সতর্ক বার্তা পৌঁছে শহরে মাইকিং করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এই সতর্কবার্তা প্রচার করা হয়েছে।