কল্যাণ রিপোর্ট: যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিপন হোসেন (৩২) নামে একজন গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় শহরের টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে। আহত রিপন যশোর জেনারেল হাসপাতাল সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আহত রিপন হোসেনের বাড়ি যশোর শহরের রেল রোড আশ্রম মোড়ে।
বড় ভাই লিটন জানান, শহরের টিবি ক্লিনিক মোড়ের শহিদুল ও তার স্ত্রী আনজুর সাথে গত ১০/১২দিন আগে চার্জার রিকশার চাবি কেড়ে নেয়াকে কেন্দ্র করে রিপনের বিরোধ হয়। পরে শহিদুলের ভাড়াটিয়া সন্ত্রাসী আল আমিন রিপনকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।
আল-আমিন সহ অজ্ঞাত ৫/৬ জন রিপনের বুকে, পেটে, নিতম্বে ও রানে চারটি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রিপনকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সার্জারী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফিরোজ মাহমুদ অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।