নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনের আওতাধীন পালবাড়ি (এসএমআর রোড) শাখা সোমবার জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নে প্রকাশ্যে ক্ষুদ্র ও কৃষিঋণ বিতরণের জন্য উঠোন বৈঠকের আয়োজন করে।
স্থানীয় কোটালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠোন বৈঠকে ১৯ জন প্রান্তিক মাশরুম ও সবজি চাষি, ছয়জন ক্ষুদ্র ও হস্তশিল্প এবং ১০ জন ক্ষুদ্র পর্যায়ের গরু-ছাগল চাষির মাঝে এক লাখ টাকা করে সর্বমোট ৩৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
উঠোন বৈঠকে ঋণ বিতরণের পাশাপাশি এলাকার প্রবাসীদের পরিবারের সমন্বয়ে সভা করা হয়। যেখানে হুন্ডি পরিহার করে কিভাবে ব্যাংকিং ব্যবস্থা বা বৈধ পথে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে আনা যায় এবং বৈধ পথে প্রবাসীদের অর্থ দেশে আনার সুফল ব্যাখ্যা করে প্রবাসীদেরকে দেশ বিনির্মাণের সাহসী যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়।
কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড যশোরের জোনাল ম্যানেজার উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএমআর রোড শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বর্তমান বৈশ্বিক খাদ্য সংকটে আবাদযোগ্য প্রতি ইঞ্চি জমিতে খাদ্যশস্য উৎপাদন করার উপর গুরুত্ব আরোপ করেন।