নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এদিন প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন।
যশোর কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনুশাহ আরাবী সকালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন যশোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য লতা সাহা, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহ, যশোর জিলা স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী শুভজিৎ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা সংস্কারের জন্য লড়াই করছি। আগের চিন্তা, চেতনায় সংস্কার হবে না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। একজন জেলা প্রশাসক, একজন বাবা হিসেবে শিশুদের প্রতি আমার দাবি মানুষের মত মানুষ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা চাই শিশুরা ভালো মানুষ হোক। তারা যে কোনো ধরণের অন্যায় থেকে বিরত থাকুক। শিশুরা সহশিক্ষা কার্যক্রমমুখী হোক।
