কল্যাণ রিপোর্ট: যশোরে সাগর হত্যা চেষ্টা মামলায় চিহ্নিত সন্ত্রাসী আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজসহ দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব। অভিযুক্ত অপর আসামি টিবি ক্লিনিক এলাকার আসিফ। রাজের বাড়ি শহরের বেজপাড়ায়।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২০ আগস্ট মোল্লাপাড়ার আমতলা এলাকার সাগর বন্ধুদের সাথে পৌর পার্কে ঘুরতে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্যারিস রোডে আসামিদের আস্তে মোটরসাইকেল চালাতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা সাগরকে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত সাগরকে প্রথমে যশোর পরে খুলনায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সাগরের ভাই সোহাগ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা চেষ্টার অভিযোগে ২৩ আগস্ট মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত আসামিরা কারাগারে আটক আছেন।