এ্যান্টনি অপু: যশোরে ডেঙ্গু পরিস্থিতির সুখবর নেই। প্রতিদিনই হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৪ জন। এ ডেঙ্গু রোগীর মধ্যে ৩৪ জনই অভয়নগর উপজেলার বাসিন্দা। এজন্য স্বাস্থ্য বিভাগ অভয়নগরকে ডেঙ্গুর হটস্পট বলছে। অন্যদিকে যশোর সদর উপজেলায় ১৩ জন ডেঙ্গু রোগী রয়েছে। চিকিৎসকদের ভাষ্য ব্যক্তি সচেতনতার অভাবে ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হচ্ছে না। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট ৭৩২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তবে ভাল খবর এখন পর্যন্ত কেউ মারা যায়নি। গত প্রায় এক মাস ধরে এ ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা স্থির অবস্থায় আছে। পৌরসভা থেকে মশক নিধন অভিযান করলেও মশা মরছে না। সচেতনতার অভাবে ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে না। বর্তমানে যশোর জেলার সরকারি হাসপাতালগুলোতে ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ডেঙ্গু পরিস্থিতি পূর্বের অবস্থাতেই রয়েছে। আগের থেকে এখন পর্যন্ত কোন উন্নতি ঘটেনি। ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব রকমের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ যশোর জেনারেল হাসপাতালেও একটি করে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক ও সেবিকা দ্বারা সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, যশোরের ডেঙ্গু পরিস্থিতি আগের মতোই রয়েছে। প্রায় প্রতিদিনই ১৩ থেকে ২০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ঢাকা ফেরত রোগীও রয়েছে।